পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সরকার কর্তৃক নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্ট সুবিধাপ্রাপ্ত ৩৫টি এতিমখানায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে|
আজ শনিবার (৪ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক এতিমখানাগুলোর প্রতিনিধিদের হাতে ৬ মাসের অনুদানের চেক তুলে দেন| এ পর্যায়ে মোট ১ কোটি ১১ লাখ ১২ হাজার টাকা বিতরণ করা হয়|
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, বিভিন্ন নিবন্ধিত এতিমখানা ও মাদ্রাসার সভাপতি, সম্পাদক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
প্রধান অতিথি দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক তাঁর বক্তব্যে বলেন, এতিম ও অসহায় শিশুদের কল্যাণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক| তাদের সুশিক্ষা, নিরাপদ আবাসন এবং মানবিক পরিবেশ নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছে| এতিম শিশুদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষকেও এগিয়ে আসতে হবে|
অনুষ্ঠানে বক্তারা বলেন, এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, লালন-পালন এবং মানবিক মূল্যবোধে গড়ে তুলতে সরকারের এ ধরনের অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে| ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন|
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর উপজেলার সরকার নিবন্ধিত ৩৫টি এতিমখানায় অধ্যয়নরত মোট ৯২৬ জন এতিম শিক্ষার্থী এ ক্যাপিটেশন গ্র্যান্টের আওতায় রয়েছে| প্রতিটি শিক্ষার্থীর জন্য মাসিক ২ হাজার টাকা হারে ৬ মাসের অনুদান হিসেবে মোট ১ কোটি ১১ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে|
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত