হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হিলির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে উপজেলার তিনজন সফল মৎস্য খামারির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদি ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোনতাসির মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত