কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : বিশুদ্ধ খাবার, অঙ্গ ঢাকার বস্ত্র, সুশিক্ষা, সুচিকিৎসা ও স্বাস্থ্যসম্মত বাসস্থান প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তাই ক্ষুদার্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কলেজের অধ্যক্ষ বাবুল আক্তারের ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হলো মাত্র ২০ টাকায় দুপুরের খাবার। কুড়িগ্রামের অঝোপাড়া গায়ে অবস্থিত দৃষ্টিনন্দন ভূরুঙ্গামারীর সোনাহাট ডিগ্রি কলেজে দূর-দূরান্ত ও চরাঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চালু হয়েছে মাত্র ২০ টাকায় ডাল-ভাতের মধ্যাহ্নভোজ। এতেই খুশি শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সভাপতি ফখরুজ্জামান জেড, প্রতিষ্ঠাতা সদস্য ফয়জার রহমান, স্থানীয় জামায়াত নেতা আব্দুল জলিলসহ সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন বেপারী, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজের ৮০ থেকে ৯০ শতাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের। দুই উপজেলা ও একটি থানার বিভিন্ন চরাঞ্চল থেকে অনেকে কলেজে আসেন। তাদের অনেকেই দুপুরের খাবার সঙ্গে আনতে পারেন না। ফলে না খেয়ে ক্লাস করায় পড়াশোনায় অমনোযোগী হয় এবং লেখা পড়ায় ব্যাঘাত ঘটে।
অধ্যক্ষ বাবুল আক্তারের উদ্যোগে চালু হওয়া এ ক্যানটিনে শুরুতে প্রতিদিন ১০০ জন শিক্ষার্থীর খাবারের ব্যবস্থা থাকবে। আপাতত ব্যয় বহন করবে কলেজের নিজস্ব তহবিল।
শিক্ষার্থী নয়ন বলেন, ‘আগে দুপুরে খাবারের জন্য বাইরে যেতে হতো। এখন ২০ টাকায় কলেজেই খাবার পাওয়া যাবে। এতে সময় ও খরচ দুটোই বাঁচবে।’
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যানটিনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এখন থেকে মাত্র ২০ টাকায় শিক্ষার্থীরা ভাত, ডাল, ডিম, ভর্তা, সবজি ও খিচুড়িসহ বিভিন্ন রকমের স্বাস্থ্যসম্মত খাবার পাবেন বলে জানা গেছে।
অধ্যক্ষ বাবুল আক্তার বলেন, ‘কোনো শিক্ষার্থী যেন শুধু খাবারের অভাবে ক্লাসে অমনোযোগী না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ। বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা করলে খাবারের মান ও পুষ্টিগুণ আরও বাড়ানো সম্ভব হবে।’
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত