কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান :
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে এবং অপরদিকে ভূরুঙ্গামারীতে ২জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার, মোঃ রাসেল কবির ও রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম তুরা রোডের ১ নম্বর ব্রিজ সংলগ্ন নতুন বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাহাঙ্গীর আলমকে আটক করে তার হেফাজত থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার, মোঃ রাসেল কবির বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিধি মোতাবেক তল্লাশি শেষে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রৌমারীতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অপরদিকে, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট এলাকার কুখ্যাত মাদককারবারি মোঃ ওমর আলী (৪৩) ও মোঃ মানিক মিয়া (৩৬) দ্বয়কে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশ একটি দল অভিযান পরিচালনা করে পাগলাহাটের চর অঞ্চল থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছে ৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, ০২ টি বাটন মোবাইল, ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দকৃত মাদকের অবৈধ বাজার মূল্য ৯০০০ টাকা। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক মামলা রুজু করা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত