কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সীমান্ত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানের লক্ষ্যে গত ৪৮ ঘণ্টায় জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) কঠোর অবস্থানের অংশ হিসেবে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত ধারাবাহিক বিশেষ অভিযানে ১৬,৩৪,১৫০ টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস্ এবং গবাদিপশুসহ অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করেছে বলে জানা গেছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি'র) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও সকল ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য, মোটরসাইকেল ও বিএনপি নেতাসহ আটক-৬
গত ৪৮ ঘন্টায় উলিপুর থানা এলাকায় কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে উলিপুর থানাধীন হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকার মাদক কারবারি হাতিয়া ইউনিয়ন বিএনপির ৪নং যুগ্ম আহ্বায়ক মোঃ আফজাল হোসেন(৪২) এর নিজ বসতবাড়ি থেকে ৭৪ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেছে।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি কুড়িগ্রামের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, এরই ধারাবাহিকতায় আজ রোববার উলিপুর থানার হাতিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৭৪ পিস ইয়াবাসহ আফজাল হোসেন(৪২)নামক ১জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম।
অপরদিকে, কুড়িগ্রামের রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৪
চর রাজিবপুরে অভিযানে পৃথক ঘটনায় ২৫ গ্রাম গাঁজা ও ৪১ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ইয়াবা সেবনের অপরাধে আরও একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
রোববার ২৭ সেপ্টেম্বর চর রাজিবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধুলাউড়ি গ্রামস্থ সুইচগেট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোছাঃ মনোয়ারা ও মোঃ তাহেরুল ইসলাম শান্ত (৩৯)-কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, একই দিন দুপুর ২টা ১৫ মিনিটে টাঙালিয়াপাড়া গ্রামে মোঃ আলম মিয়া ওরফে ‘আলম কসাই’ (৪৫)-এর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চর রাজিবপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আলম মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এছাড়া বিকেল ৩টার দিকে টাঙালিয়াপাড়া গ্রাম থেকে ইয়াবা সেবনের অপরাধে মোঃ লুৎফর রহমান (৪৮)-কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
সহকারী পুলিশ সুপার, রৌমারী সার্কেল, মোঃ রাসেল কবির বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান আরও জোরদার করা হবে।
ভিন্নদিকে, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ০৬ ঘটিকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফুলবাড়ী ইউনিয়নের পানিমাছকুটি গ্রামস্থ ফুলসাগর পুকুর পাড় এলাকা থেকে লালমনিরহাট সদর এলাকার মাদক কারবারি শহিদুল (৩২)কে ০৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল জব্দসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত