জাহিদ হাসান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে কুড়িগ্রামের রাজারহাটে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে থানা পুলিশ। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও মোটরসাইকেল পেট্রোলিং জোরদার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাজারহাট থানা পুলিশের সদস্যদের বিভিন্ন পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ডিউটি পালন করতে দেখা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গোৎসব চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ, মণ্ডপসংলগ্ন এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত টহল দেওয়া হচ্ছে।
বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে।
রাজারহাট থানা পুলিশের এ উদ্যোগে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উৎসব হোক আনন্দময়, সম্প্রীতি ও সৌহার্দ্যে ভরে উঠুক রাজারহাট।
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত