
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ, মন্মথপুরের কাম টু ওয়ার্কের উপনির্বাহী পরিচালক রাওফুন রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ লুৎফুন নাহার।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে হবে। বেকারত্ব দূরীকরণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রশিক্ষিত ও দক্ষ যুবসমাজের বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে যুবকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।