
আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নতুন ভবনের কাজ ও সেপটিক ট্যাংক খননের সময় দেয়াল ধসে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, কালেক্টরেট স্কুলের সেপটিক ট্যাংকের উত্তোলিত মাটি সীমানা প্রাচীরের পাশে স্তূপ করে রাখা হয়েছিল। এতে প্রাচীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।
একপর্যায়ে মাটির চাপ সহ্য করতে না পেরে প্রাচীরটি হঠাৎ ভেঙে পড়ে। এ সময় প্রাচীরের পাশে বসে থাকা পাঁচজন নারী দেয়ালচাপা পড়েন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সবার চিকিৎসা চলছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্মাণকাজে নিরাপত্তার অভাব ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।