
মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৬টি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তারাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া গরুর মাংসের দোকানে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ ব্যতীত গরু জবাই করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়।
উল্লেখিত দুই আইনে মোট ১৬টি মামলায় সর্বমোট ২৩,০০০ (তেইশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
বাজার মনিটরিং কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।