
মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনম্যান মঞ্জুরুল ইসলাম হত্যাকাণ্ডে নতুন তথ্য সামনে এসেছে। নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৮/০২/২০২৬ তারিখ আনুমানিক সকাল ৯টার সময় এলাকাবাসী প্রথমে মোটরসাইকেলটি দেখতে পান। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেন।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এটি পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে কৌতূহলী জনতার ভিড় জমে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত মঞ্জুরুল ইসলাম পল্লী বিদ্যুতের একজন লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।