
কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ১৫ অক্টোবর ২০২৬, কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল বিদেশি মদসহ রৌমারী উপজেলার চর ইটালুকান্দা গ্রামের মোঃ সবুর আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, রাত আনুমানিক ০২ ঘটিকায় রাত্রিকালীন মাদকবিরোধী অভিযানে এসআই শাহানুর আলমের নেতৃত্বে রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির শয়নকক্ষ থেকে সাক্ষীদের উপস্থিতিতে ৬১ বোতল Officer’s Choice, ৩৫ বোতল McDowell’s, ১৫ বোতল AC Black এবং ৩৫ বোতল Officer’s Choice Blue ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের মোট পরিমাণ ১৪৬ বোতল।
বিষয়টি নিশ্চিত করে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”