
মোস্তাফিজুর রহমান প্রতিবেদক: তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘Second International Conference on Bangladesh Studies’-এ যোগ দিতে তুরস্কে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। একই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার কৃতি সন্তান, উলিপুর উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
সম্মেলনটি আগামী ৯ ও ১০ অক্টোবর ২০২৬ ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি ও তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কার, রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন এবং তুরস্ক-বাংলাদেশ দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান এমপি। পাশাপাশি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীও সম্মেলনের আলোচনায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও Center for Policy and Social Research (CPSR)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ও তুরস্ক ছাড়াও বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক, কূটনীতিক, পেশাজীবী এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, ‘বাংলাদেশ ২.০’-এর ভবিষ্যৎ রূপরেখা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, আর্থসামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে বহুমাত্রিক আলোচনা হবে। বিশেষ করে তুরস্কের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তি, কূটনীতি ও উন্নয়ন সহযোগিতা আরও বিস্তৃত করার সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পাবে।
সম্মেলনে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীকে Distinguished Guest হিসেবে রাখা হয়েছে। আন্তর্জাতিক এ আয়োজনে তাঁর অংশগ্রহণ উলিপুর তথা কুড়িগ্রামের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরার পাশাপাশি তুরস্কের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্মেলন শেষে ডা. শফিকুর রহমানের সৌদি আরব সফর ও পবিত্র ওমরাহ পালনের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। এরপর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।