
সাকিব আহসান, প্রতিনিধি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, নিরাপত্তা এবং সমাজে তাদের মর্যাদা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সহযোগিতা করে গুড নেইবারস, ইএসডিওর থ্রাইভ প্রকল্প, আগ্রা বিডি ০২৮৪, ব্যাপিস্ট এইড-বিবিসিএফ এবং সোশ্যাল মোটিভেশন সার্ভিসের ইয়াং টু ইয়াং প্রকল্প।
অনুষ্ঠানে কন্যাশিশুদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী ও প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি কন্যাশিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের শিক্ষা, নিরাপত্তা ও সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে। কন্যাশিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, ডা. ঋতু রায় প্রমুখ।