বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, আলোচনা শেষে পুরস্কার বিতরণ।

পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী-বিরামপুর রেলপথের ত্রুটি-বিচ্যুতি পরিদর্শনের কাজে ব্যবহৃত রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পার্বতীপুরে কর্মরত রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) পিডব্লিউআই শেখ আল আমিন গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আহত অন্য চারজন হলেন ট্রলিম্যান আবু তাহের লিটন, মোস্তাফিজুর রহমান, জিকরুল হক ও হাসান আলী। তাঁরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রেলওয়ের হ্যামারম্যান মোস্তাফিজুর রহমান জানান, প্রতিদিনের মতো বুধবার (১৪ অক্টোবর) রেলপথের ত্রুটি-বিচ্যুতি পরিদর্শনের জন্য মোটর ট্রলি নিয়ে তাঁরা বের হন। বেলা ১২টার দিকে ফুলবাড়ী থেকে বিরামপুরের দিকে যাওয়ার পথে ৩৫১/৬-৭ কিলোমিটার এলাকায় আউটার সিগন্যাল অতিক্রম করার সময় হঠাৎ মোটর ট্রলিটি দুমড়েমুচড়ে ভেঙে পড়ে। এ সময় ট্রলির সামনের দিকে বসে থাকা পিডব্লিউআই শেখ আল আমিন রেললাইনের ওপর পড়ে গুরুতর আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। ট্রলিতে থাকা আরও চারজনও আহত হন।
পার্বতীপুর রেলওয়ের পিডব্লিউআই কার্যালয়ের অফিস সহকারী সবুজ মিয়া জানান, ঘটনার পর শেখ আল আমিনকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওই সময় তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না।
পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসান দৈনিক দেশ রূপান্তরকে জানান, দুর্ঘটনাটি গুরুতর। শেখ আল আমিনের হাত, পা ও কপালে বড় ধরনের আঘাত লেগেছে। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রেলওয়ের একটি সূত্র জানায়, রেলপথের দুই রেল সমান অবস্থানে আছে কি না, জোড়ার আংটা ও নাট-বল্টু ঠিক আছে কি না, কোথাও রেললাইন বাঁকা হয়েছে কি না এবং স্লিপারের সঙ্গে রেল আটকে রাখার ক্লিপ বা সংযোগ খুলে গেছে কি না—এসব বিষয় পরীক্ষা করতে মোটর ট্রলি ব্যবহার করা হয়। পিডব্লিউআইয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ ট্রলিতে ট্রলিম্যান ছাড়াও কিম্যান, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান ও খালাসির মতো কর্মীরা দায়িত্ব পালন করেন। জরুরি মেরামতের জন্য এতে ওয়েল্ডিং মেশিন, শাবল, গাইতি, করাত ও কাটিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জামও রাখা হয়।

তবে কী কারণে মোটর ট্রলিটি ভেঙে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews