
কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান :কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়- ইতোপূর্বে সন্ত্রাসবিরোধী আইনে মোখলেসুরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হলেও উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে এসে পুনরায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। এরাই প্রেক্ষিতে তার বিরুদ্ধে পুনরায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। উক্ত মামলায় সোমবার (১৫ জুন) ভোরে তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের নিজবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকার মফিজুল হকের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রীজের উপর মোখলেছুর রহমানসহ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ অন্যান্য সংযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জনগনের মনে আতঙ্ক, ভীতি সৃষ্টি করে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও সন্ত্রাসী কার্যক্রম করেন। পরে ওই ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় পলাতক অজ্ঞাত আসামি হিসেবে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়।
এবিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও জানান, ২০২৪ এর ৫ আগষ্টের পর হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী আইনে পৃথক তিনটি মামলায় ইতিপূর্বে গ্রেফতার হলেও সে সব মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত আছেন। নতুন করে চতুর্থ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার বিকালে তাঁকে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাঁকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। আদালতের আদেশে মোখলেসুর এখন জেল হাজতে রয়েছেন।