
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফিতা কেটে এই ব্যতিক্রমী আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম এবং লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও বিচারকমণ্ডলী মেলায় অংশ নেওয়া উপজেলার ২৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের স্টার্টআপ এবং বিজ্ঞান প্রজেক্টগুলো ঘুরে দেখেন। শিক্ষার্থীদের তৈরি চমৎকার সব উদ্ভাবনী প্রকল্প ও আইডিয়া প্রদর্শনীর পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন প্রদর্শনীতে মেধার স্বাক্ষর রেখে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। বিকেলে অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।