শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

পার্বতীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব সরকারের দাফন সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পার্বতীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব সরকারের দাফন সম্পন্ন

পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সাবেক পৌর চেয়ারম্যান, শিক্ষানুরাগী ও সমাজসেবক এম এ ওহাব সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বাদ আসর পার্বতীপুর শহীদ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মরহুমকে রাষ্ট্রীয় সম্মান হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হোসাইন রাজু। এ সময় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ এবং পুলিশের একটি চৌকস দল উপস্থিত থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।

রাষ্ট্রীয় সম্মাননা শেষে জানাজা হয় পরে পার্বতীপুর শহরের নামাপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় এম এ ওহাব সরকার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

এম এ ওহাব সরকার দীর্ঘ ২৫ বছর পার্বতীপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, একজন শিক্ষানুরাগী, সমাজসেবক এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews