বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

রংপুরের তারাগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৪৫ পিস মাদকদ্রব্য সহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

১২০ পিস ট্যাপেন্ডাডল ও ২৫ পিস ইয়াবা উদ্ধার; মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্সের বার্তা ওসির
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। পৃথক দুটি অভিযানে তাদের কাছ থেকে ১২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার (১৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তারাগঞ্জ বাজারের গরুহাটি পাবলিক টয়লেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গরুহাটি হরিজনপাড়া এলাকার বাবুলাল বাঁশফোড়ের ছেলে মিলন বাঁশফোড় (৩২) কে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য ছিল।

একই রাতে রাত ১১টা ১৫ মিনিটে উপজেলার অনন্তপুর দক্ষিণপাড়া এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। অভিযানে মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ মোকছেদুল ইসলাম (৫২)-কে তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মাদক কারবারিদের আটক করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন বলেন,
”গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে তারাগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করেছেন। তাদের মতে, ধারাবাহিক ও কঠোর অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews