
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ।
জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত না হওয়ায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। দিবসটি উপলক্ষ্যে অতীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা ও অন্যান্য কর্মসূচি পালন করা হলেও এবার তেমন কোনো আয়োজন চোখে পড়েনি। ইউপি চেয়ারম্যানেরা রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি পালন না করায় এলাকার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল ৭ ই নভেম্বর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ ঘুরে দেখা যায় ইউনিয়ন গুলির কোথাও দিবসটি পালন উপলক্ষ্যে কোন কার্যক্রম নেই।
দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে স্থানীয় সচেতন ব্যক্তিরা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ দিনকে কেন্দ্র করে জাতীয় জীবনে বিপ্লব, সংহতি ও রাজনৈতিক পরিবর্তনের নানা অধ্যায় জড়িয়ে রয়েছে। তাই দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে যথাযথ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন ছিল।
তাঁরা আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা হলে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। এ ধরনের দিবস পালনে সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত।
স্থানীয়দের প্রত্যাশা, আগামীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালনে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। তা না হলে আগামী প্রজন্ম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর বিষয়ে কিছুই জানতে পারবেন না। ইতিহাসের পাতায় ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস স্বরণ উপলক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে ধারণ করতে হবে ।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন গ্রহণ করেননি।