
নোংরা পরিবেশ, পানির সংকট, জনবল ঘাটতি ও পৌনে তিন ঘণ্টা বিলম্বে ক্ষুব্ধ যাত্রীরা
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ঢাকা-পঞ্চগড় রেলপথে উত্তরাঞ্চলগামী রাতের সর্বশেষ আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসে যাত্রীসেবার মান নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ট্রেনের অপরিচ্ছন্ন পরিবেশ, পর্যাপ্ত পানির অভাব, পরিচ্ছন্নতাকর্মী ও দায়িত্বপ্রাপ্ত জনবলের সংকট, যাত্রীদের নিরাপত্তাহীনতা এবং নির্ধারিত সময়ের চেয়ে প্রায় পৌনে তিন ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, পুরো ট্রেনজুড়েই বিরাজ করছে অস্বাস্থ্যকর পরিবেশ। বগির আসন ও মেঝে অপরিচ্ছন্ন, নেই পর্যাপ্ত পানি। এমনকি পরিষ্কার-পরিচ্ছন্নতা ছাড়াই ট্রেনটি যাত্রার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। পুরো ট্রেনে দায়িত্ব পালন করছেন মাত্র একজন অ্যাটেনডেন্ট ও একজন ক্লিনার। ফলে এত বড় একটি ট্রেনের যাত্রীসেবা ও সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে পঞ্চগড় এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়েনি। পরে বুধবার (১১ নভেম্বর) রাত ১টা ১৫ মিনিটে প্রায় পৌনে তিন ঘণ্টা বিলম্বে ট্রেনটি কমলাপুর স্টেশন ছেড়ে পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে কী কারণে ট্রেনটির যাত্রা বিলম্বিত হয়েছে, সে বিষয়ে যাত্রীদের কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় এক্সপ্রেসের কর্তব্যরত পরিচালক (গার্ড) ইমাম হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, সাদা পোশাকে দায়িত্ব পালনকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক অ্যাটেনডেন্ট বলেন, ‘পুরো ট্রেনে আমি একাই দায়িত্ব পালন করছি। কী করব ভাই, এত বড় ট্রেন একার পক্ষে দেখা সম্ভব নয়। তারপরও যাত্রীদের সেবা দেওয়ার চেষ্টা করছি।’
ঢাকা-পঞ্চগড় রেলপথের ট-বগি-৭৬০৩-এর দুই যাত্রী আবু ছালেহ ও রুকুনুজ্জামান বাবুল অভিযোগ করে বলেন, ট্রেনের বসার আসন অপরিচ্ছন্ন, বগির মেঝে নোংরা এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই। ট্রেনে বসে থাকা অবস্থায় যাত্রীদের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। পাশাপাশি হিজড়া ও ফেরিওয়ালাদের উৎপাতেও যাত্রীরা অতিষ্ঠ। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তাঁরা আরও বলেন, একটি আন্তঃনগর ট্রেনে যাত্রীদের ন্যূনতম সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা রেলওয়ে কর্তৃপক্ষের দায়িত্ব। অথচ এসব ক্ষেত্রে যে অব্যবস্থাপনা দেখা যাচ্ছে, তা রেল কর্তৃপক্ষের চরম অবহেলা ও গাফিলতিরই পরিচয় বহন করে।
এ বিষয়ে জানতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে (০১৭১১৬৯১৬১২) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি ওয়েটিংয়ে থাকায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
উত্তরাঞ্চলের হাজারো যাত্রীর নির্ভরতার এই আন্তঃনগর ট্রেনে যাত্রীসেবার এমন বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের প্রত্যাশা, রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ট্রেনটির পরিচ্ছন্নতা, পর্যাপ্ত পানির ব্যবস্থা, প্রয়োজনীয় জনবল নিয়োগ, যাত্রীদের নিরাপত্তা এবং সময়সূচি মেনে চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে।