
কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ১৪ নভেম্বর ২০২৬, জেলার সকল রুকনদের উপস্থিতিতে শনিবার (১৪ নভেম্বের) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার হলরুমে কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে জেলা রুকন সম্মেলন’২৬ এবং ২০২৭-২৮ সেশনের জন্য কুড়িগ্রাম জেলা আমীরের শপথ ও জেলা শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷
উক্ত রুকন সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য কুড়িগ্রাম জেলা আমীর হিসাবে শপথ নিয়েছেন রানিং জেলা আমীর বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন।
গঠনতন্ত্রের ৭২ ধারা অনুযায়ী জেলার পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০ জন পুরুষ ও ১১ জন মহিলা সদস্য জেলা শূরা নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত জেলা আমীর ও শূরা সদস্যদের শপথ বাক্য পাঠ করান রুকন সম্মেলনের প্রধান অতিথি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মমতাজ উদ্দিন বলেন- রুকনদের জ্ঞানের ক্ষেত্রে আরো যোগ্য হতে হবে ৷ কুরআনের জ্ঞান অর্জন করতে হবে ৷ দুনিয়ার মোহ ছেড়ে যারা আখিরাতকে প্রাধান্য দিবেন তাদেরকেই মান উন্নয়ন করাতে হবে ৷ দুনিয়ার বিজয় সংখ্যা দিয়ে হয়না, আল্লাহর ফয়সালাতে হয় ৷ তাই কুড়িগ্রামের সংসদ নির্বাচনের অর্জনের মতো স্থানীয় নির্বাচনেও ভুমিকা রাখতে হবে আমাদের।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা আমীর নাগেশ্বরী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম-১ এর সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি, বিশিষ্ট সমাজ সেবক মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিবিরের জেলা সভাপতি মোশারফ হোসেন ও সেক্রেটারী মোবাশ্বের রাশেদীন প্রমুখ৷