
হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস এবং ইসলাম ক্লিনিকের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পার্বতীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলাম ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. মোফাক্ষারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকার ল্যাবএইড হাসপাতালের চিফ সার্জন ডা. মো. খাদেমুল ইসলাম, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. আলতাফ হোসেন, চক্ষু বিশেষজ্ঞ ডা. মোখলেসুর রহমান, ডা. সুলতানা জান্নাত মৌ, অধ্যাপক ফয়েজুর রহমান, সাবেক আনসার-ভিডিপি কর্মকর্তা আ. রাজ্জাক প্রামাণিক এবং সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক।
বক্তারা বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্য তুলে ধরে ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দীর্ঘ ৩২ বছর ধরে চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে ইসলাম ক্লিনিকের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ব্যাংকার আবুল কালাম আজাদ নয়ন।