মায়ের চিকিৎসা করাতে পারেননি, এখন অসুস্থ সন্তানের চিকিৎসার ব্যয় মেটাতে রাস্তায় কফি বিক্রি; করুণা নয়, চান মানুষের দোয়া ও সহযোগিতা
কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান | ১২ নভেম্বর ২০২৬
জীবন যেন এক দীর্ঘ সংগ্রামের নাম। সেই সংগ্রামে কখনো হারিয়েছেন মাকে, কখনো কাঁধে তুলে নিতে হয়েছে পরিবারের দায়িত্ব, আবার কখনো নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে লড়তে হয়েছে সন্তানদের ভবিষ্যতের জন্য। জীবনের প্রতিটি বাঁকে এসেছে দুঃখ-কষ্ট আর প্রতিকূলতা। তবুও থেমে যাননি ফেরদৌসী। অসুস্থ সন্তানের চিকিৎসা ও পরিবারের মুখে খাবার তুলে দিতে সাভারের সিআরপি হাসপাতালের সামনে নিজ হাতে কফি তৈরি করে ফেরি করে বিক্রি করছেন তিনি। তাঁর কাছে এই কফি বিক্রি কেবল জীবিকা নয়, সন্তানদের বাঁচিয়ে রাখার স্বপ্ন পূরণের এক নিরন্তর লড়াই।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের এক সাধারণ পরিবারের সন্তান ফেরদৌসী। তাঁর বাবা গফুর মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি। ছোটবেলা থেকেই অভাব-অনটনের মধ্যে বেড়ে উঠেছেন তিনি। সংসারে ছিল না বিলাসিতা, ছিল না চাওয়া-পাওয়ার অবাধ সুযোগ। নুন আনতে পান্তা ফুরানোর মতো বাস্তবতার মধ্যেই কেটেছে শৈশব ও কৈশোর।
ফেরদৌসীর ভাষায়, ছোটবেলা থেকেই বুঝতে শিখেছেন অভাব কী জিনিস। অন্যদের কাছে যেসব চাওয়া-পাওয়া খুব সাধারণ, সেগুলোও তাঁদের কাছে অনেক সময় স্বপ্নের মতো ছিল। মনের ভেতর কত ইচ্ছা, শখ আর স্বপ্ন যে চাপা পড়ে গেছে, তার কোনো হিসাব নেই।
তবে জীবনের সবচেয়ে বড় আঘাত আসে মাকে হারানোর মধ্য দিয়ে। মা ক্যানসারে আক্রান্ত হলে তাঁর চিকিৎসার জন্য দিনরাত পরিশ্রম করেছেন ফেরদৌসী। অতিরিক্ত সময় কাজ করেছেন, নিজের শরীরের কথা ভাবেননি। একটাই স্বপ্ন ছিল—মাকে সুস্থ করে আবার নিজের কাছে ফিরে পাবেন। কিন্তু শত চেষ্টা করেও মাকে বাঁচাতে পারেননি। মায়ের মৃত্যু তাঁর জীবনে তৈরি করে গভীর শূন্যতা।
মায়ের মৃত্যুর পর ছোট ভাইবোনদের দেখাশোনা এবং পরিবারের দায়িত্বও এসে পড়ে তাঁর কাঁধে। নিজের বয়সের তুলনায় অনেক বেশি দায়িত্ব নিয়ে চলতে হয়েছে তাঁকে। অনেক সময় নিজের কষ্ট কাউকে বলতে পারেননি। চোখের পানি আড়াল করে আবারও কাজে ফিরেছেন।
পরবর্তী সময়ে নিজের সংসার ও সন্তান নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন ফেরদৌসী। মেয়ে মিম ও ছেলে ফারদিনকে ঘিরেই তাঁর পৃথিবী। কিন্তু ছেলে ফারদিনের অসুস্থতা আবারও কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে তাঁকে। অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারে না ফারদিন। তার চিকিৎসা, থেরাপি, ওষুধ এবং ভবিষ্যৎ নিয়ে প্রতিনিয়ত উদ্বিগ্ন থাকতে হয় মাকে।
সন্তানের চিকিৎসার জন্য কত জায়গায় ছুটেছেন, কত মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন, কত রাত নির্ঘুম কাটিয়েছেন—তার হিসাব শুধু তাঁরই জানা। কখনো মানুষের সহযোগিতা পেয়েছেন, আবার কখনো অসহায় হয়ে বসে থাকতে হয়েছে।
বর্তমানে সাভারের সিআরপি হাসপাতালের সামনে নিজের হাতে কফি তৈরি করে বিক্রি করেন ফেরদৌসী। কাঁধে ভার, হাতে গরম পানির পাত্র, শরীরে ক্লান্তি নিয়েও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন ক্রেতার অপেক্ষায়। কোনো দিন ভালো বিক্রি হয়, আবার কোনো দিন সারাদিন পরিশ্রম করেও সামান্য টাকা হাতে আসে। সেই আয় দিয়েই সামলাতে হয় সংসারের খরচ এবং সন্তানের চিকিৎসার ব্যয়।
ফেরদৌসী বলেন, এই কাজ করতে তাঁর কোনো লজ্জা নেই। কারণ সৎ উপার্জনের চেয়ে সম্মানের আর কিছু নেই। তিনি কারও করুণা চান না, কারও বোঝা হয়েও থাকতে চান না। নিজের পরিশ্রমে বেঁচে থাকতে চান, সন্তানদের মুখে খাবার তুলে দিতে চান এবং ছেলে ফারদিনের চিকিৎসা চালিয়ে যেতে চান।
তিনি আরও বলেন, অনেক মানুষ তাঁর পরিশ্রম দেখেন, কিন্তু এই অবস্থানে আসতে তাঁকে কতটা পথ পাড়ি দিতে হয়েছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে, তা সবাই জানেন না। একদিকে সংসারের খাবার, অন্যদিকে সন্তানের চিকিৎসা, আবার নিজের থাকার খরচ—সবকিছু সামলাতে গিয়ে অনেক সময় দিশেহারা হয়ে পড়েন তিনি।
তবুও স্বপ্ন দেখা বন্ধ করেননি ফেরদৌসী। তাঁর বিশ্বাস, মানুষের জীবনে দুঃখ চিরস্থায়ী নয়। আজ যিনি রাস্তায় দাঁড়িয়ে এক কাপ কফি বিক্রি করছেন, মহান আল্লাহ চাইলে একদিন তাঁর জীবনেও সুদিন আসবে।
নিজের জীবনসংগ্রামের কথা তুলে ধরে ফেরদৌসী বলেন, ‘আমি কোনো অভিনয়ের গল্প নই, আমি বাস্তব জীবনের একজন সংগ্রামী মানুষ। আমার হাসির পেছনে আছে কান্না, আমার প্রতিটি কাপ কফির পেছনে আছে ঘাম, আর আমার বেঁচে থাকার পেছনে আছে সন্তানদের নিয়ে হাজারো স্বপ্ন।’
তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছুর পরও বেঁচে আছি, কাজ করছি, লড়াই করছি। যতদিন আল্লাহ শক্তি দেবেন, ততদিন সৎ পথে সংগ্রাম করে যাব। শুধু দোয়া করবেন, যেন কোনো দিন পরিশ্রম করার সাহসটা হারিয়ে না ফেলি।’
এক জীবনে হাজারো সংগ্রামের মধ্যেও ফেরদৌসীর একমাত্র চাওয়া—সন্তানদের নিয়ে একটু ভালো থাকা, ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়া এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকা। তাঁর এই জীবনসংগ্রাম যেন শুধু একজন মায়ের কষ্টের গল্প নয়, বরং প্রতিকূলতার কাছে হার না মানা এক নারীর সাহস ও আত্মমর্যাদার অনন্য দৃষ্টান্ত।
অসুস্থ সন্তান ফারদিনের চিকিৎসা অব্যাহত রাখা এবং পরিবারকে একটু ভালো রাখার স্বপ্ন নিয়ে ফেরদৌসী সবার কাছে দোয়া কামনা করেছেন।