
নিজস্ব বাড়ি নেই, নেই সাইকেল কিংবা মোটরসাইকেল; অসুস্থ স্ত্রী ও মেয়ের দায়িত্ব কাঁধে নিয়েই চলছে ৬০ বছর বয়সী এই প্রবীণ সংবাদকর্মীর জীবন
মিলন হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
সকালে কাঁধে কালো ব্যাগ, হাতে কলম আর নোটপ্যাড নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। কখনো শহরের অলিগলি, কখনো গ্রামের মেঠোপথ, আবার কখনো হাটবাজার কিংবা সরকারি-বেসরকারি দপ্তর—সবখানেই তাঁর ছুটে চলা সংবাদের খোঁজে। রোদ-বৃষ্টি, শীত-গরম কিংবা বয়সের ভার—কোনো কিছুই থামাতে পারেনি তাঁর পথচলা। অথচ দীর্ঘ ২৮ বছরের সাংবাদিকতা জীবনে সংবাদ সংগ্রহের জন্য জোটেনি একটি সাইকেল কিংবা মোটরসাইকেলও। তাই নিজের দুই পায়ের ওপর ভরসা করেই বছরের পর বছর ছুটে চলেছেন তিনি।
বলছি দিনাজপুরের বিরামপুরের প্রবীণ সাংবাদিক আজহার ইমামের কথা। বয়স ৬০ বছর। জীবনের দীর্ঘ সময় মানুষের সুখ-দুঃখ, সমস্যা, অনিয়ম ও সম্ভাবনার খবর তুলে ধরেছেন পত্রিকার পাতায়। কিন্তু নিজের জীবনেই জমেছে অপ্রাপ্তি আর সীমাহীন সংগ্রামের গল্প। নেই নিজের বাড়ি, নেই স্থায়ী আয়ের নিশ্চয়তা। অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী স্ত্রী এবং স্কুলপড়ুয়া মেয়ের দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিনিয়ত তাঁকে লড়তে হচ্ছে অভাবের সঙ্গে।
আজহার ইমামের সাংবাদিকতা জীবনের শুরু ১৯৯৬ সালে সাপ্তাহিক ‘হিলিবার্তা’ পত্রিকার মাধ্যমে। সেখানে প্রায় ১০ বছর কাজ করার পর যুক্ত হন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক ‘আজ ও আগামীকাল’ পত্রিকায়। পরবর্তী সময়ে দৈনিক ‘দুর্জয় বাংলা’, ঢাকার দৈনিক ‘আমাদের অর্থনীতি’, ‘আমাদের সময়’ এবং দৈনিক ‘কালবেলা’সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করলেও আর্থিকভাবে স্বচ্ছল হয়ে ওঠা হয়নি তাঁর।
সংবাদ সংগ্রহে তাঁর সবচেয়ে বড় অবলম্বন নিজের দুই পা। কখনো কয়েক কিলোমিটার পথ হেঁটে সংবাদ সংগ্রহ করেছেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কিংবা প্রতিকূল আবহাওয়ায়ও দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। অনেক সাংবাদিকের কাছে মোটরসাইকেল যেখানে সংবাদ সংগ্রহের অপরিহার্য বাহন, সেখানে আজহার ইমামের দীর্ঘদিনের সঙ্গী একটি কালো ব্যাগ, কলম ও নোটপ্যাড।
বিরামপুর পৌর এলাকার স্কুলপাড়া গ্রামে জন্ম ও বেড়ে ওঠা আজহার ইমামের। তাঁর বাবা প্রয়াত জফিরুল হাসান ফারুকী ছিলেন মসজিদের ইমাম। পাশাপাশি শিক্ষার্থীদের আরবি পড়াতেন। মা প্রয়াত ফজিলাতুন নেছা ছিলেন গৃহিণী। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি তৃতীয়।
১৯৮২ সালে মাধ্যমিক পাস করেন আজহার ইমাম। পরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। শিক্ষাজীবন শেষ করে জীবিকার স্থায়ী কোনো অবলম্বন গড়ে তুলতে না পারলেও সাংবাদিকতাকেই জীবনের পেশা ও নেশা হিসেবে বেছে নেন।
একসময় স্কুলপাড়া এলাকায় তাঁদের ২৩ শতক বসতভিটা ছিল। কিন্তু পারিবারিক সম্পত্তি ভাগ-বণ্টনের পর নিজের ভাগে পাওয়া জমিটুকুও ধরে রাখতে পারেননি তিনি। মায়ের চিকিৎসার খরচ জোগাতে শেষ পর্যন্ত সেই জমি বিক্রি করতে হয়। এরপর থেকে ভাড়া বাড়িতেই স্ত্রী-সন্তান নিয়ে তাঁর বসবাস। দীর্ঘদিন মানুষের আবাসন, জীবনসংগ্রাম ও নানা সমস্যার খবর তুলে ধরলেও নিজের মাথা গোঁজার স্থায়ী ঠিকানা আজও গড়ে ওঠেনি।
সংসারজীবনেও প্রতিনিয়ত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। স্ত্রী লাবনী খাতুন শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ। একমাত্র মেয়ে আয়েশা লাবিবা তুবা পড়ে তৃতীয় শ্রেণিতে। স্ত্রী-সন্তানের ভরণপোষণ, স্ত্রীর চিকিৎসা এবং মেয়ের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেতে হয় তাঁকে। বয়সের ভারে আগের মতো চলাফেরা করাও এখন সহজ নয়। তারপরও জীবিকার তাগিদে এবং সাংবাদিকতার প্রতি ভালোবাসা থেকে প্রতিদিনই বেরিয়ে পড়েন সংবাদ সংগ্রহে।
নিজের দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আজহার ইমাম বলেন, “১৯৯৬ সালে সাপ্তাহিক হিলিবার্তা দিয়ে আমার সাংবাদিকতা শুরু। এরপর একে একে বিভিন্ন পত্রিকায় কাজ করেছি। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় কোনো দিন সাইকেল কিংবা মোটরসাইকেল কিনতে পারিনি। তাই পায়ে হেঁটেই সংবাদ সংগ্রহ করেছি। এখনো প্রতিদিন সকালে ব্যাগ, কলম ও প্যাড নিয়ে বের হই। শহর-গ্রাম ঘুরে তথ্য সংগ্রহ করি। সাংবাদিকতা আমার জীবনের সঙ্গে মিশে গেছে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতা করতে গিয়ে অনেক কষ্ট করেছি। কিন্তু জীবনে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর কাছ থেকে ব্যক্তিগতভাবে কোনো সুবিধা নিইনি। একসময় দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আমাকে বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়ন হয়নি। এখন নতুন রাজনৈতিক পরিস্থিতিতে আমার মতো একজন অসহায় সাংবাদিকের পাশে কেউ দাঁড়াবেন কি না, জানি না।”
আজহার ইমামের জীবন কেবল একজন প্রবীণ সংবাদকর্মীর ব্যক্তিগত দুঃখ-কষ্টের গল্প নয়; এটি মফস্বল সাংবাদিকতার আর্থসামাজিক বাস্তবতারও একটি প্রতিচ্ছবি। যাঁরা প্রতিদিন মানুষের অধিকার, সমস্যা, অনিয়ম ও সম্ভাবনার কথা তুলে ধরেন, তাঁদের অনেকের জীবনেই থেকে যায় আর্থিক অনিশ্চয়তা ও নানা অপ্রাপ্তি। পেশাগত দায়িত্ব পালনে যাঁদের ছুটে চলতে হয় প্রতিদিন, তাঁদের নিজেদের জীবনসংগ্রামের খবর অনেক সময় আড়ালেই থেকে যায়।
দীর্ঘ ২৮ বছর ধরে মানুষের খবরের পেছনে ছুটে চলা আজহার ইমামের নিজের জীবনেই রয়ে গেছে অসংখ্য অপূর্ণতা। নেই স্থায়ী আবাস, নেই সংবাদ সংগ্রহের বাহন, নেই নিশ্চিত আর্থিক নিরাপত্তা। তবু থেমে নেই তাঁর পথচলা। কাঁধে সেই পুরোনো কালো ব্যাগ, হাতে কলম ও নোটপ্যাড নিয়ে প্রতিদিনই বেরিয়ে পড়েন তিনি। কারণ, সাংবাদিকতা তাঁর কাছে শুধু জীবিকা নয়, এটি দীর্ঘদিনের ভালোবাসা, দায়িত্ববোধ ও জীবনের অবিচ্ছেদ্য অংশ।