
কারিগরি প্রশিক্ষণে প্রতিবন্ধী যুবকদের অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ শিক্ষকদের
হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে প্রতিবন্ধী শিশু ও যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণে অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে সংবেদনশীলতা সেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পার্বতীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজে বেসরকারি সংস্থা ‘কাম টু ওয়ার্ক’-এর ‘ম্যাপ ইন সিবিআর’ প্রকল্পের উদ্যোগে এ সেশনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
পার্বতীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সেশনটি উপস্থাপনা করেন ‘ম্যাপ ইন সিবিআর’ প্রকল্পের কর্মকর্তা সাজ্জাদুর রহমান। এতে প্রকল্পের ফোকাল মোকাররম হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মনজুরুল হক, সিবিআর অফিসার রাধা রাণী রায়সহ কলেজের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেশনে প্রতিবন্ধী শিশু ও যুবকদের উপযোগী দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় কলেজের শিক্ষকরা তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশিক্ষণ ও সেবা কার্যক্রমে প্রতিবন্ধী যুবকদের অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার বিষয়ে নানা দিকনির্দেশনা দেন।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও যুবকদের দক্ষতা বিকাশ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। তিনি এ মহতী উদ্যোগের জন্য প্রকল্পের দাতা সংস্থা লিলিয়ান ফান্ডস, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং বাস্তবায়নকারী সংস্থা ‘কাম টু ওয়ার্ক’-কে ধন্যবাদ জানান।
সংশ্লিষ্টরা মনে করেন, কারিগরি প্রশিক্ষণে প্রতিবন্ধী যুবকদের অংশগ্রহণ ও সুযোগ নিশ্চিত করা গেলে তাঁরা দক্ষতা অর্জনের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজের মূলধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।