
ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে গুলপাড়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ডাঙ্গাপাড়া ফুটবল একাডেমি
হেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার: দিনাজপুরের পার্বতীপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মিনিবার ফুটবল নাইট টুর্নামেন্ট-২০২৬’ (সিজন-১)-এর ফাইনাল খেলা। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পার্বতীপুরের জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে গুলপাড়া ফুটবল একাদশকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডাঙ্গাপাড়া ফুটবল একাডেমি।
ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ডাঙ্গাপাড়া ফুটবল একাডেমি ২-০ গোলে জয়লাভ করে শিরোপা নিশ্চিত করে।
খেলাটি পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান মোস্তা। দুই সহকারী রেফারিকে সঙ্গে নিয়ে তিনি দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করেন। অন্যদিকে, ধারাভাষ্যকার শফিউর রহমান সোহেলের প্রাণবন্ত ধারাভাষ্যে পুরো সময়জুড়ে মাঠে বাড়তি আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
ফাইনাল খেলা উপভোগ করতে মাঠের চারপাশে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। কিশোর, যুবক, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমী দর্শক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক উৎসবের মিলনমেলায়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী সতীশ কুমার দাস। বিশেষ পর্ব পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপ টেনের সভাপতি রকিব হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক রুস্তম আলী। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত হয় এই নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট। প্রথম আসরেই দর্শক ও ফুটবলপ্রেমীদের ব্যাপক সাড়া পেয়েছে আয়োজনটি।