
কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ১১ নভেম্বর ২০২৬, কুড়িগ্রামে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে হত্যার এজাহারভুক্ত ৭ আসসমীর মধ্যে ৬ আসামীকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এবং স্বারকলিপি প্রদান করেছে।
কুড়িগ্রামে জাহিদ হাসান ওরফে বছির হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে এজাহারভুক্ত সাত আসামির মধ্যে ছয়জনকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে বাদ পড়া আসামিদের অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন, নিহতের বাবা ও মামলার বাদী রফিকুল ইসলাম।
এ দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
বুধবার (১১ নভেম্বর) কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যান তারা। সেখানে পুলিশ সুপার বরাবর বাদীর পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
পুলিশ সুপারের কাছে দেওয়া লিখিত আবেদনে জানা যায়, ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা কেকতির পাড় গ্রামে জাহিদ হাসান ওরফে বছিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্তের দায়িত্ব পান কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার। তদন্ত শেষে ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন চন্দন কুমার। তবে ওই প্রতিবেদনে এজাহারভুক্ত ৭ আসামির মধ্যে মাত্র একজনকে রেখে বাকি ছয়জনকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী।
স্মারকলিপিতে বাদীপক্ষ দাবি করেছে, মামলার প্রধান আসামি জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টি এড়িয়ে গিয়ে তাঁর বন্ধুদের নাম উল্লেখ করেন। পরবর্তী সময়ে তদন্ত প্রতিবেদনে এজাহারভুক্ত পরিবারের ৬ সদস্যকে বাদ দিয়ে বন্ধুদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি তাঁদের। আবেদনে আরও বলা হয়, হত্যাকাণ্ডের ঘটনাস্থল ছিল প্রধান আসামির বাড়ির আঙিনা। সেখানে জাহিদ হাসান ওরফে বছিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
বাদীপক্ষের দাবি, মামলার এজাহার, ঘটনার পারিপার্শ্বিকতা ও প্রাসঙ্গিক আলামত বিবেচনায় নিয়ে প্রধান আসামির পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন।
এ ছাড়া নিহতের স্ত্রীর সঙ্গে প্রধান আসামির অনৈতিক সম্পর্ক ছিল বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল এবং বিষয়টি নিয়ে একাধিকবার সালিস-বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল বলে দাবি বাদীপক্ষের।নিহতের পরিবারের আশঙ্কা, এসব বিষয় যথাযথভাবে তদন্তে গুরুত্ব না পাওয়ায় প্রকৃত অপরাধীরা বিচারের আওতার বাইরে থেকে যেতে পারেন। তাই মামলার সব দিক পুনরায় পর্যালোচনা, বাদ পড়া এজাহারভুক্ত আসামিদের সংশ্লিষ্টতা যাচাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোছা: আয়শা বেগম, আরিফা বেগম, মো. খায়রুজ্জামান, আল-আমীন মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা।
এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম’কে মোবাইলে কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে কুড়িগ্রাম সদর থানার ওসি তদন্তের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে জানিনা।