
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আয়োজিত জব ফেয়ার-২০২৬-এ ৪৫২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬৫৫ জন সদস্য এই চাকরি মেলায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ছয়টি ক্যাটাগরিতে ৪৫২ জনের চাকরি নিশ্চিত করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (আরটিটিসি) এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
জব ফেয়ারে ওয়েল্ডিং ৬জি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (আরএসি), অটোমোটিভ মেকানিকস, ড্রাইভিং, ড্রাইভারস হেলপার ও সিকিউরিটি গার্ড পদে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা অংশ নেন। তাঁদের মধ্য থেকে ওয়েল্ডিং ৬জি পদে ৩৫ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পদে ৮ জন, অটোমোটিভ মেকানিকস পদে ১৭ জন, ড্রাইভিং পদে ১৮ জন, ড্রাইভারস হেলপার পদে ৭৬ জন এবং সিকিউরিটি গার্ড পদে ২৯৮ জনের চাকরি নিশ্চিত করা হয়।
চাকরিপ্রাপ্ত সদস্যরা প্রাণ-আরএফএল গ্রুপে সহকারী অপারেটর (আরএসি), সহকারী টেকনিশিয়ান (অটোমোটিভ), সহকারী ওয়েল্ডার, ড্রাইভার, ড্রাইভারস হেলপার ও সিকিউরিটি গার্ড পদে যোগদানের সুযোগ পেয়েছেন। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের (এইচআর) প্রতিনিধি ও সহকারী ম্যানেজার জব ফেয়ারে উপস্থিত থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। চাকরিপ্রাপ্ত সদস্যরা আগামী ডিসেম্বর ২০২৬-এর মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপে যোগদান করবেন বলে জানানো হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের প্রশিক্ষণের মানোন্নয়ন ও প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গৃহীত বিভিন্ন উদ্যোগের ফলে দেশে-বিদেশে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। মহাপরিচালকের দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও উৎসাহ এবং রংপুর রেঞ্জের উপমহাপরিচালকের তত্ত্বাবধানে এবারের জব ফেয়ারটি উৎসবমুখর পরিবেশে সফল ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।
প্রশিক্ষণের পাশাপাশি চাকরি প্রাপ্তিতে সার্বিক সহযোগিতা ও পরামর্শ পাওয়ায় নিয়োগপ্রাপ্ত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। এ উদ্যোগের জন্য তাঁরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে ৩১৭ জনের ওয়ালটন, সিঙ্গার, প্রাণ-আরএফএল ও যমুনা গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা হয়েছে।