
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মণ্ডলেরহাট, বাকেরহাট ও উমানন্দ নামে নতুন তিনটি ইউনিয়ন গঠনের দাবি জাতীয় সংসদে তুলেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর কাছে লিখিত প্রশ্নে এ দাবি জানান সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী।
প্রশ্নে তিনি বলেন, উলিপুর উপজেলায় প্রায় সাড়ে চার লাখ মানুষের বসবাস। উপজেলার ইউনিয়নগুলোর আয়তন ও দূরত্ব বেশি হওয়ায় বিশেষ করে নারী, বয়স্ক ও অসচ্ছল মানুষকে মৌলিক নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়তে হয়। এ পরিস্থিতিতে নাগরিক সেবা সহজ করতে নতুন তিনটি ইউনিয়ন গঠন প্রয়োজন।
প্রস্তাব অনুযায়ী, দুর্গাপুর, বুড়াবুড়ি ও হাতিয়া ইউনিয়নের একাংশ নিয়ে মণ্ডলেরহাট, পৌরসভা এলাকার নির্দিষ্ট অংশ নিয়ে বাকেরহাট এবং তবকপুর ও গুনাইগাছ ইউনিয়নের একাংশ নিয়ে উমানন্দ ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে।
জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনকালীন প্রস্তুতি ও ভোটার তালিকা হালনাগাদের কারণে ইউনিয়ন পুনর্গঠন ও বিভক্তকরণের কার্যক্রম স্থগিত রয়েছে।
এদিকে, সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী জানান, নির্ধারিত সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। তাই বিষয়টি পুনরায় উত্থাপন করে তিনটি নতুন ইউনিয়ন গঠনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনটি ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪৭০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৬৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০৬ জন।