
প্রতিনিধি পার্বতীপুর :
দিনাজপুরের পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের জুনিয়র বৃত্তি, প্রাথমিক বৃত্তি ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন, পার্বতীপুর আদর্শ কলেজের ভূতপূর্ব অধ্যাপক মো. শহীদুল ইসলাম বাবলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপম রায়, এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আরাফাত জামিল, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম রিপন এবং সহকারী শিক্ষক আব্দুল জলিল সরকার।
এ সময় সম্মানিত অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন মনজুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাকিমা বানু।
অনুষ্ঠানে জানানো হয়, এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল ২০১৮ সালে একাডেমিক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।
২০২৬ সালে বিদ্যালয়টির জুনিয়র বৃত্তি পরীক্ষায় ১৮ জন এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এছাড়া এসএসসি পরীক্ষায় ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনসহ মোট ৫২ জন শিক্ষার্থী সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এ বছর বিদ্যালয়টির এসএসসি পরীক্ষায় পাসের হার ১০০ শতাংশ।
কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দিয়ে অতিথিরা তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।