মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে চীনা শ্রমিকের মৃত্যু কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সংসদে উলিপুরে তিন নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব এমপি সালেহীর পার্বতীপুরে দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা ২৮ বছর ধরে পায়ে হেঁটে সাংবাদিকতা, অভাবের সঙ্গে লড়াই আজহার ইমামের মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  সৈয়দপুরে উপজেলা প্রশাসন ও বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রতিযোগিতায় কে বি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তিন শিক্ষার্থীর সাফল্য ও পুরস্কার অর্জন

বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে চীনা শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

১৩০৫ নম্বর কোল ফেইসের সিল ওয়ালের পাশে অচেতন অবস্থায় উদ্ধার; মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তের দাবি

হেলাল উদ্দিন স্টাফ রিপোর্টার : দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কর্মরত অবস্থায় মি. সিং সিয়াওজুন (৪৩) নামে এক চীনা খনিশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে খনির ১৩০৫ নম্বর কোল ফেইসে গ্যাস পরিমাপের কাজ করতে গিয়ে তিনি নিখোঁজ হন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খনিশ্রমিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার শিফটে কাজের জন্য ভূগর্ভে নামেন সিং সিয়াওজুন। তিনি খনির ভেন্টিলেটর সাইডে দায়িত্ব পালন করতেন। রাত ৩টার পর থেকে তাঁর সঙ্গে সহকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার সকালে ১৩০৫ নম্বর কোল ফেইসের সিল ওয়ালের পাশে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) খান মো. জাফর সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দৈনন্দিন কাজের অংশ হিসেবে সিং সিয়াওজুন দুই স্থানীয় শ্রমিককে সঙ্গে নিয়ে ভূগর্ভে গ্যাস পরিমাপ করতে যান। পরে স্থানীয় দুই শ্রমিককে অন্য স্থানে গ্যাস পরিমাপের জন্য পাঠিয়ে তিনি নিজে ১৩০৫ নম্বর কোল ফেইসের সিল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান।

একপর্যায়ে সহকর্মীরা তাঁকে নির্ধারিত স্থানে খুঁজে না পেয়ে ভূপৃষ্ঠের কন্ট্রোল রুমে বিষয়টি অবহিত করেন। পরে খনির রেসকিউ টিম ঘটনাস্থলে গিয়ে সিল ওয়ালের পাশে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, খনির ভূগর্ভে অক্সিজেনের স্বল্পতা কিংবা বিষাক্ত গ্যাসের প্রভাবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন কয়েকজন খনিশ্রমিক। তবে এ বিষয়ে খনি কর্তৃপক্ষ এখনো মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্ত ও সংশ্লিষ্ট তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ আলী জানান, এ ঘটনায় মরদেহের ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হবে।

একজন খনিশ্রমিকের এমন মৃত্যুতে খনির ভূগর্ভে কর্মরত শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। গ্যাস শনাক্তকরণ যন্ত্রের কার্যকারিতা, অক্সিজেনের মাত্রা, ভেন্টিলেশন ব্যবস্থা এবং জরুরি উদ্ধার কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হয়েছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews