
কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ২৬ নভেম্বর ২০২৬, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অটোরিকশায় করে আনা ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরা কারবারী দুজনকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব ভ্যাকসিন জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোটহাট সীমান্ত এলাকা থেকে আসা একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় ককশিটের ১১টি কার্টনে রাখা ১৫৬ লিটার ভ্যাকসিন জব্দ করা হয়। এসব ভ্যাকসিন পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু প্রতিরোধে ব্যবহার করা হয় বলে জানা গেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে ছায়েদ আলী এবং পশ্চিম ফুলমতি এলাকার আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা।
ভূরুঙ্গামারীর ভোটহাট সীমান্ত দিয়ে এসব ভ্যাকসিন অবৈধভাবে দেশে আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অবৈধভাবে আনা ভ্যাকসিনগুলো পরে লালমনিরহাটে নেওয়ার পরিকল্পনা ছিলো চলরাকারবারীদের।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, শুল্ক ফাঁকি দিয়ে এসব ভারতীয় ভ্যাকসিন দেশে আনা হয়েছিল। গ্রেফতার ব্যক্তিরা নিয়মিত ভারতীয় পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দীর্ঘ সময় নজরদারির পর তাদের ভ্যাকসিনসহ গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় ভ্যাকসিনসহ দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।