
হেলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি: নাম না জানা অনেক হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র ও অভিভাবকদের হয়রানি করা হয় বলে মন্তব্য করেছেন পার্বতীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মানজুর রশিদ। তিনি বলেন, মাদ্রাসা হবে ভালোবাসা, আদর আর নৈতিক শিক্ষার জায়গা। ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে শিশুদের গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব পার্বতীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সরকারপাড়ায় অবস্থিত আল জামিয়াতুল মনছুরিয়া মাদরাসায় শিক্ষা প্রদর্শনী, ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাহফিজে সাবাফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদরাসা পরিবারের আয়োজনে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামি সংগীত, আরবি ও বাংলা বক্তৃতা, কবিতা আবৃত্তিসহ নানা বিষয়ে তাদের প্রতিভা প্রদর্শন করে। উক্ত অনুষ্ঠানে পার্বতীপুরের ভবানীপু ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মুফাসসির সাইদুজ্জামান তাফসির পেশ করেন। এছাড়া শিক্ষার্থীদের হাতের লেখা, চিত্রাঙ্কন ও শিক্ষামূলক প্রদর্শনী দর্শনার্থীদের নজর কাড়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রেজওয়ানুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও আলেম-ওলামাগণ।
প্রধান অতিথির বক্তব্যে মানজুর রশিদ আরও বলেন, “আজকের এই ছোট ছোট শিশুরাই আগামী দিনের আলেম, শিক্ষক ও আদর্শ নাগরিক। তাদের মনে কুরআনের আলো জ্বালানোর পাশাপাশি মানবিক মূল্যবোধও জাগিয়ে তুলতে হবে। মনছুরিয়া মাদ্রাসার আজকের এই সুন্দর আয়োজন তারই প্রমাণ।”
তিনি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, পড়ালেখার পাশাপাশি এমন সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নৈতিক শিক্ষা ও ইসলামি মূল্যবোধের মাধ্যমে আদর্শ মানুষ গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও আনন্দিত অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।