
পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে আলো ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আলো রেসিডেন্সিয়াল মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ১৪৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলো রেসিডেন্সিয়াল মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালক মো. রফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরে মনোযোগ দিয়ে লেখাপড়া করার পাশাপাশি নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষাবিষয়ক বক্তব্য দেন শফিকুল কারী, তাজকির হোসাইন, আফজাল হোসেন এবং বড়পুকুরিয়া কয়লা খনি শাখা, পার্বতীপুরের সিনিয়র প্রিন্সিপাল অফিসার।
আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ বিতরণ করা হয়। গোল্ডেন জিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের প্রত্যেককে ১ হাজার টাকা, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের প্রত্যেককে ৬০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের প্রত্যেককে ৪০০ টাকা করে প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন পরিবেশনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।